আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সেই সাবেক চেয়ারম্যান ধরা পড়লো বিপুল অস্ত্রসহ

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে যৌথ বাহিনী গত মঙ্গলবার রাতে অস্ত্রসহ আটক করেছে। আটক ব্যক্তি হচ্ছেন মজিবর রহমান মাদবর, যিনি আগে দীর্ঘদিন আওয়ামী লীগে ছিলেন এবং পরে দল থেকে বহিষ্কার হয়ে বিএনপিতে যোগ দেন। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বিএনপিতে যোগদান করেন এবং সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি করেন।

যৌথবাহিনীর অভিযান চলাকালীন তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং দেশীয় অস্ত্র উদ্ধার হয়। জাজিরা ক্যাম্পের কমান্ডার আশরাফ আহমেদ ১১ই ফেব্রুয়ারী সকালে এই তথ্য নিশ্চিত করেন। এই অভিযানটি চালানো হয় মঙ্গলবার দিবাগত রাতে জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায়।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। তল্লাশির সময় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে পিস্তলের যন্ত্রাংশ, স্লাইড, কভার এবং অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম ছাড়াও চাপাতি, ছুরির মত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তার বাড়িতে রুমা আক্তার নামে অবস্থানরত এক নারীকে আটক করা হয়।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সাবেক চেয়ারম্যান যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে। তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। মজিবর রহমান মাদবরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তার সাথে আটককৃত নারীর বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। ওনার পরিবার বলেছে তারা বিয়ে করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top