আজই পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) পদত্যাগ করে দেশ ছাড়ছেন বলে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। যদিও তিনি আলাদাভাবে দুই উপদেষ্টার নাম উল্লেখ না করায় সরকারের উচ্চপর্যায়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। সোমবার ভোর ৬টা ৩৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এই প্রবাসী সাংবাদিক।

পোস্টে তিনি উল্লেখ করেন, নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের দু’জন শীর্ষ উপদেষ্টা আজ দেশত্যাগের পরিকল্পনা করছেন। তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, তাদের মধ্যে একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে এবং অপরজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়বেন।

পোস্টে তিনি আরও লেখেন, “যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব্যতিত এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না।”

এই পোস্টটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে। তবে সাংবাদিক জুলকারনাইন সায়ের খান কোন দুই উপদেষ্টার কথা বলছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের তথ্য অত্যন্ত সংবেদনশীল এবং তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে নজরদারি শুরু করেছে।

উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করে জার্মানি চলে যান। এই ঘটনার পর নতুন করে দুই উপদেষ্টার দেশত্যাগের খবর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই ধরনের আকস্মিক বিদেশযাত্রা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উপদেষ্টার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করা যায়নি এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top