ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি একটি পোস্ট ঘিরে আবারও আলোচনায় এসেছে ইনকিলাব মঞ্চ ও শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি জানান, তার ভাইয়ের মৃত্যুর আগে ও পরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বিস্তারিত লিখবেন। তবে সেই লেখায় সংগঠনের অনেক সদস্যের বিরুদ্ধে কিছু সংবেদনশীল বিষয় উঠে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে সংশ্লিষ্টদের কাছে আগাম দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।

ওমর হাদির এই ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, তার আসন্ন বক্তব্যে হাদি হত্যাকাণ্ডের অজানা দিকগুলো সামনে আসতে পারে। ফলে এখন তার বিস্তারিত প্রকাশের অপেক্ষায় রয়েছেন অনেকে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকেই এ হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, ওমর হাদির সাম্প্রতিক এই পোস্ট শুধু একটি ব্যক্তিগত বক্তব্য নয়; বরং এটি হাদি হত্যার ঘটনাকে ঘিরে নতুন প্রশ্ন ও সম্ভাব্য তথ্যের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, তিনি কবে এবং কীভাবে সেই প্রতিশ্রুত বিস্তারিত তথ্য প্রকাশ করেন এবং তা জনমনে কী প্রভাব ফেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top