ঈদের দিন পঙ্গু হাসপাতালে উপচে পড়া ভিড়

ঈদকে কেন্দ্র করে সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে আহতদের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) জরুরি বিভাগে দুর্ঘটনায় আহত রোগীদের উপচে পড়া।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগীর সংখ্যাই বেশি। এদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর, কারও হাত-পা ভেঙে গেছে, আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছেন। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে অতিরিক্ত গতি, হেলমেট ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা।

চিকিৎসকদের মতে, ঈদের সময় সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়, সেই সঙ্গে বাড়ে অসচেতন চলাচল। অনেক তরুণ আনন্দ ভ্রমণ বা ‘জয়রাইেরড’ জন্য মোটরসাইকেল নিয়ে বের হন, যা অনেক ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

জরুরি বিভাগের এক নার্স জানান, স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের দিন রোগীর উপস্থিতি অনেক বেশি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অন্তত ১৫১ জন রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

নরসিংদী থেকে আগত এইচএসসি পরীক্ষার্থী ১৮ বছর বয়সী জুবায়ের মোটরসাইকেল দুর্ঘটনায় ডান পায়ে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বজনদের ভাষ্য, ঘুরতে বের হয়ে সে এই দুর্ঘটনার শিকার হয়।

অন্যদিকে, ২৫ বছর বয়সী রাকিব ইসিবি চত্বরে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে আহত হয়ে বাম হাত ভেঙে ফেলেন। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার জন্য সিএনজি চালক দায়ী হলেও ভুক্তভোগী হতে হয়েছে তাকেই।

১০ শয্যার জরুরি বিভাগে রোগীর চাপ এতটাই বেড়ে যায় যে অনেককেই ট্রলিতে রেখে চিকিৎসা দিতে হয়েছে। সেখানে তিনজন চিকিৎসক, ৭-৮ জন নার্স ও সহায়ক কর্মীরা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছিলেন। এছাড়া জরুরি অস্ত্রোপচারের জন্য কয়েকজন রোগীকে অপেক্ষা করতে দেখা গেছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান জানান, ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই রোগীর চাপ বাড়ে। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার তিন চাকার যানবাহনের চেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতের সংখ্যাই বেশি।

তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে প্রতি শিফটে ১৮ জন করে চিকিৎসক কাজ করছেন এবং প্রয়োজনে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top