জাতীয় সংসদের অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে বিতর্কের এক পর্যায়ে স্পিকারের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সংসদে বক্তব্য দেওয়ার সময় শৃঙ্খলা ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কঠোর ভাষায় সতর্ক করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ-কে।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাস করা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলছিল। এ সময় বিরোধী দলের পক্ষ থেকে বিলটি নিয়ে আপত্তি জানানো হয় এবং বিশেষ কমিটির পূর্বের সমঝোতা ভঙ্গের অভিযোগ তোলা হয়।
বিতর্ক চলাকালে সংসদে উত্তেজনা বাড়তে থাকলে হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন এবং হইচই সৃষ্টি হয়। তখনই স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’
স্পিকারের এই মন্তব্যের পর সংসদে আরও কিছু সময় উত্তেজনা বিরাজ করে। এ সময় স্পিকার বক্তব্য দিতে গিয়ে বলেন, সংসদে সরাসরি মৌখিকভাবে কথা বলার সুযোগ সীমিত। কেউ কিছু বলতে চাইলে নির্ধারিত নিয়মে নোটিশ দিতে হবে, তখন তা বিবেচনায় নেওয়া হবে।
অন্যদিকে, বিরোধী দল অভিযোগ করে যে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতা উপেক্ষা করে সরকার সংশোধিত আকারে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ পাস করেছে। এর প্রতিবাদে তারা ওয়াকআউটও করে। বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম একাধিকবার বক্তব্য রাখেন।
সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব অভিযোগের জবাব দেন। এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে তর্ক-বিতর্ক চলে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। তবে তার বক্তব্য চলাকালে হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন এবং হইচই সৃষ্টি করেন। তখনই স্পিকার তাকে উদ্দেশ করে মন্তব্যটি করেন।

