ব্যারিস্টার জাইমা রহমানের শৈশবের ক্রীড়া প্রতিভা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার অসাধারণ ক্রীড়া দক্ষতার কথা তুলে ধরেছেন।
পোস্টে তিনি লেখেন, জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়-এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডিতে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়-সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল।
সে ছিল স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার এক অদম্য মানসিকতাসম্পন্ন একজন ক্রীড়াবিদ জানিয়ে কোচ আরও লেখেন, আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি-সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে সামনে এগিয়ে যেত।
তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল মন্তব্য করে তিনি আরও লেখেন, তাই সে যদি বলে থাকে যে সে সত্যিই চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়েছিল-তাতে আমি একদমই অবাক হবো না। তার প্রতিভা ও সামর্থ্য সেই পর্যায়েরই।
সম্প্রতি জাইমা রহমানের ফুটবল প্রতিভা এবং ইংল্যান্ডের ক্লাব চেলসি নারী দলের বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এই প্রেক্ষাপটে তার শৈশবের ক্রীড়া দক্ষতার বিষয়টি নতুন করে সামনে আসে।
এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এ বিষয়ে নিজের বক্তব্যে জানান, জাইমা রহমান স্কুলজীবনে ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে ভালো দক্ষতা দেখিয়েছিলেন। তবে পরিবার পরবর্তীতে তাকে পড়াশোনায় মনোযোগ দিতে উৎসাহিত করে।
বর্তমানে তিনি একজন ব্যারিস্টার হিসেবে কাজ করছেন এবং নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা ও তরুণদের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সক্রিয় রয়েছেন।
