প্রয়োজনে নির্বাচন বয়কট করতে পারে এনসিপি!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ তুলেছে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জেলায় কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ভোট ছিনতাই, ভোটগ্রহণ চলাকালে সহিংসতা, এবং ককটেল বিস্ফোরণ হয়েছে। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বৃ্‌হস্পতিবার ১২ই ফেব্রুয়ারী দুপুর ২টায় বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বলেন, তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। যদি প্রয়োজন হয়, তাহলে তারা নির্বাচন বয়কট করতেও প্রস্তুত।

এনসিপির নেতা মনিরা শারমিন বিভিন্ন আসনে নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষের এজেন্টরা প্রকাশ্যে দলীয় পরিচয়পত্র ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান করেন, যা নির্বাচনী আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই আসনের নিকুঞ্জের জান-ই-আলম স্কুল কেন্দ্রে নারী ভোটারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কুমিল্লার একটি কেন্দ্রে এক কক্ষে একাধিক এজেন্ট থাকার বিষয়টি গণমাধ্যমে আসে, যদিও বিধি অনুযায়ী প্রতি প্রার্থীর পক্ষে একটি কক্ষে একজনের বেশি এজেন্ট থাকার সুযোগ নেই। এছাড়া ঢাকা-১৭ আসনে পোলিং এজেন্ট না থাকা অবস্থায় ব্যালটে সিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে দায় নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর এজেন্টকেও ঢুকতে না দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। একই ধরনের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে, যেখানে এনসিপি প্রার্থী মো. আতাউল্লাহর চিফ এজেন্টকে কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া তিনি নোয়াখালীর হাতিয়ায় সহিংসতার খবর পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। সেখানে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের পরিবারের সদস্যদের ওপর হামলা ও তাদের মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনকালে সাংবাদিক মিরাজ উদ্দিনও হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মনিরা শারমিন বলেন, রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ দায়িত্বশীল আচরণ করছে না। প্রার্থীরা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top