আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারী) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য বিএনপি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি আমরা আইন অনুযায়ী জানাব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আলোচনা করবে। তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হয় এই দাবি করবে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি সরকার গঠনের পর তিনটি বিষয়ে গুরুত্ব দিবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা তিনটি জিনিসকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্রের পথচলা শুরু হয়েছে।
তিনি অঙ্গীকার করেন, সংবিধান এবং রাষ্ট্রের সংস্কার বিএনপির ৩১ দফা মেনে হবে। জুলাই সনদ নিয়ে তিনি মন্তব্য করেন, জুলাই সনদ একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল, বিএনপি এ সনদ অক্ষরে অক্ষরে মেনে চলবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির এই জয় ছিল বহুল প্রত্যাশিত এবং তিনি আশাবাদী যে, নির্বাচন কমিশন (ইসি) অতি দ্রুত বিজয়ীদের বিষয়ে প্রঞ্জাপন জারি করবে।
তিনি বাংলাদেশের সম্ভাব্য পররাষ্ট্রনীতি নিয়ে আরও মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মর্যাদাকে প্রাধান্য দিয়েই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখবে। পারস্পরিক সম্পর্ক ও সমতাকেও গুরুত্ব দেওয়া হবে।

