ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষ নিজ নিজ এলাকায় গিয়ে লোকজন জড়ো করে।
ইফতারের আগ মুহূর্তে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার জানান, তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সংঘর্ষ থামানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

