টালিউডের পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) নামেও পরিচিত, আর নেই। ভারতের দিঘার তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে আকস্মিক দুর্ঘটনায় ৪২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।
কলকাতার বিভিন্ন গণমাধ্যম অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। শুটিং চলছিল দিঘার তালসারি সৈকতে। এ সময় পানিতে তলিয়ে গেলে সহকর্মী টেকনিশিয়ানরা তাকে দ্রুত উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। উদ্ধার করার পর তাকে দ্রুত দিঘা হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি। এই ধারাবাহিকে রাহুলের সহশিল্পী ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শুটিং শেষে ইউনিটের অনেকেই যখন মধ্যাহ্নভোজে ব্যস্ত, তখন রাহুল আরও কিছু দৃশ্য ধারণ করতে চান বলে জানান। এরপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ভাস্কর বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেননি। তার ভাষায়, একদম সুস্থ ও প্রাণবন্ত একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন তা এটা মেনে নেওয়া খুবই কঠিন।
রাহুল অরুণোদয়ের অভিনয়যাত্রা শুরু হয়েছিল থিয়েটারের মাধ্যমে। তিনি ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। পরে টালিউডে বড় পর্দা ও ছোট পর্দা দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা দেখান। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘চিরদিনই তুমি যে আমার’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
সাম্প্রতিক সময়ে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল। পাশাপাশি তার উপস্থাপনায় ‘সহজ কথা’ নামের পডকাস্টও শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

