জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার (২৮ মার্চ ২০২৬) সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে ঈদুল ফিতরের দিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
দিলারা হাফিজ ছিলেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও সমাজসেবী। কর্মজীবনে তিনি ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন এবং তার অবদানের কথা স্মরণ করেছেন।
জানা গেছে, মরদেহ রোববার (২৯ মার্চ) বাংলাদেশে আনা হবে। সোমবার (৩০ মার্চ) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

