সরকারের আইন মন্ত্রণালয় কর্মীদের উপস্থিতি ও দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে, যাতে সকাল ৯টার মধ্যে অফিসে হাজিরা না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর বার্তা দিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত অফিস আদেশে বলা হয়েছে, সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক। নিয়ম অমান্য করলে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নতুন নির্দেশানুসারে, প্রতিদিন সব কর্মচারীকে সকাল ৯টার পূর্বে তাদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। দেরিতে অফিসে আসা, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা বা নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করে বের হয়ে যাওয়ার মতো আচরণগুলো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হবে।
আদেশে আরো বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যদি কোন কর্মকর্তা বা কর্মচারীকে অফিস ত্যাগ করতে হয়, তাহলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট বিভাগের প্রধান—যুগ্ম সচিব বা সলিসিটরের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া অফিস ত্যাগের সময় ‘অফিস ত্যাগ রেজিস্টারে’ তা নথিভুক্ত করা ও ডিজিটাল হাজিরা নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।
এই নির্দেশনার উদ্দেশ্য হচ্ছে সরকারি অফিসে কর্মীদের শৃঙ্খলা, সময়ের প্রতি শ্রদ্ধা এবং দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কর্মঘণ্টার ভিতরেই দফতর ত্যাগ করা বা অনুপস্থিতি দেখানো হলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে উল্লেখ আছে।
সরকারি কর্মীদের জন্য এই নতুন নিয়ম চালু হওয়ার ফলে ভবিষ্যতে কর্মক্ষেত্রে সময়পালন ও দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। কাজের পরিবেশে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

