হবিগঞ্জের লাখাই উপজেলায় সামান্য পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি দোকান থেকে বাকিতে পণ্য কেনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। দোকানদার জালাল মিয়ার দাবি, ক্রেতা রসম আলীর কাছে তার ১৮৫ টাকা পাওনা রয়েছে। তবে রসম আলী এই দাবি অস্বীকার করে বলেন, তার দেনা মাত্র ৩০ টাকা। এই অঙ্কের পার্থক্য নিয়েই প্রথমে দুইজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে তাদের ব্যক্তিগত বিরোধ পারিবারিক ও স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে, যা পুরো এলাকাকে অস্থির করে তোলে।
সংঘর্ষে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ খতিয়ে দেখেসামান্য অর্থের বিরোধ থেকে এমন বড় সংঘর্ষের ঘটনা উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

