সৌদি আরবের আগেই ঈদ পালিত হলো চাঁদপুরে

চাঁদপুরের একটি গ্রামে ব্যতিক্রমীভাবে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপনের ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে মসজিদে প্রচলিত নিয়মের বাইরে বাংলাদেশে ঈদের চাঁদ দেখার আগেই এভাবে ঈদের ঘোষণা দিয়ে ঈদের নামাজ আদায় করেন গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালেই মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্রিত করা হয়। এরপর নির্ধারিত স্থানে সবাই জড়ো হয়ে ঈদের জামাত আদায় করেন।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। তবে এবার সাদ্রা দরবার শরিফের প্রয়াত পীর মাওলানা ইসহাক (রহ.)–এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ পালন করেছেন।

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, নাইজার ও মালিসহ কয়েকটি দেশে চাঁদ দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতেই তারা ১৯ মার্চ ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, সাদ্রা গ্রামের বিভিন্ন স্থানে এদিন ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

তার যুক্তি অনুযায়ী, পৃথিবীতে চাঁদ একটিই, তাই বিভিন্ন দেশে আলাদা দিনে নয় বরং একই দিনে ঈদ হওয়া উচিত।

এদিকে এক প্রত্যক্ষদর্শী, যিনি একজন মাদ্রাসা শিক্ষক, জানান, মাইকে ঈদের শুভেচ্ছা ঘোষণার কথা শুনে পাশের গ্রাম থেকে এসে দেখেন সত্যিই সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে প্রতিবছরই ভিন্ন সময়ে ঈদ উদযাপনের নজির রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top