অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে দেশের খাদ্য নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ সম্পর্কে তথ্য তুলে ধরে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা বজায় রেখেই অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে। এই তথ্য তিনি রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে জানান।
শফিকুল আলম বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ১৫ বিলিয়ন ডলারের মতো ছিল এবং সেই সময় ব্যাংকিং খাত প্রায় অচল অবস্থায় ছিল বলে দাবি করেন তিনি। এরপর সরকারের নেওয়া বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের কারণে রিজার্ভ বৃদ্ধি পেয়ে বর্তমানে তা ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, বিদায়ী সরকার যে পরিমাণ রিজার্ভ রেখে যাচ্ছে সেটা ছয় মাসের খাদ্য আমদানির খরচ মেটানোর জন্য যথেষ্ট। এর ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল অবস্থায় রেখে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হবে।
প্রেস সচিব সংবাদ সম্মেলনে সরকারের অন্যান্য অর্জনের কথাও তুলে ধরেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাত সচল করা ও প্রশাসনিক সংস্কারের মতো বিষয়গুলোতে অগ্রগতি হয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়েও বক্তব্য দিয়ে তিনি বলেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি এবং বিভিন্ন কাঠামোগত সংস্কার করা হয়েছে।

