রবিবার (১৬ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) বলেন, বিএনপির ভেতরে যারা নতুন করে আওয়ামী ধাঁচের ফ্যাসিবাদী আচরণে জড়িয়ে পড়ছেন, তাদের লাগাম টেনে ধরতে না পারলে তারেক রহমানের সামনে কঠিন সময় আসতে পারে। তিনি আরও বলেন দলের ভেতরেই যদি এমন প্রবণতা নিয়ন্ত্রণ করা না যায়, তবে তার পরিণতি শেখ হাসিনার পতনের চেয়েও বেশি ভয়াবহ হতে পারে। তাই পরিস্থিতি সামাল না দিলে আরেক দফা গণ-অভ্যুত্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বিএনপিকে।

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি ১১ দলীয় ঐক্য জোটের হয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রার্থীতা করেন। তিনি তার আসনে ভোটচুরি, ভোটকেন্দ্র, এবং ব্যালট বাক্স ছিনতাই হওয়ার মত গুরুতর অভিযোগ করেছেন। ফুয়াদ বলেন, ‘ভোটের দিন বাবুগঞ্জ ও মুলাদিতে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, ভয়ভীতি ও জাল ভোটের একাধিক ঘটনা আমরা স্বচক্ষে দেখেছি।’
যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের প্রশংসা করেছেন কিন্তু সামগ্রিকভাবে প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট না। তার দাবি, প্রশাসন সামগ্রিকভাবে নির্বাচনকে নিরপেক্ষ রাখতে সক্ষম হয়নি। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ইতিহাস সাক্ষী—অনেক সাবেক আইজি, সচিব কিংবা প্রধান নির্বাচন কমিশনারও শেষ পর্যন্ত জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন, কেউ কেউ কারাগারেও গেছেন। তাই যারা এখন ক্ষমতার অবস্থানে আছেন, তাদেরও সতর্ক থাকা উচিত।
তিনি আরও বলেন, কে কোথায় কী ভূমিকা রাখছেন, তা মানুষের নজরের বাইরে নয়। সময় এলে প্রত্যেককেই নিজের কাজের ব্যাখ্যা দিতে হবে। কোনো অন্যায় বা পক্ষপাতমূলক আচরণের হিসাব একদিন না একদিন চুকাতেই হবে এমন দাবি করেন ফুয়াদ।

