ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এ তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বাংলাদেশীরা অবৈধভাবে অনুপ্রবেশ করে। তবে এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে বিএসএফকে বেড়া দেওয়ার জন্য জমির সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করা হচ্ছে। এর ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে অসমাপ্ত থাকা অনেক অংশে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছ।
ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কাঁটাতারের বেড়া নির্মাণ করে আসছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এই বেড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সীমান্তের বিভিন্ন অংশে এখনো জমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতার কারণে কাজ সম্পূর্ণ হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্ত সেই বাধা দূর করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত। এর বড় একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। সীমান্তবর্তী এলাকায় বহু মানুষ কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য ও আত্মীয়তার সম্পর্কের কারণে নিয়মিত যাতায়াত করেন। ফলে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ বরাবরই একটি সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়ে এসেছে।
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে রাজ্য সরকারের আগের অবস্থানের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত সুরক্ষার প্রশ্নে এতদিন রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করেনি।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং এটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও অভিবাসন ইস্যু ভারতে বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এসব ইস্যু প্রায়ই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। ফলে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন।
অন্যদিকে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে অতীতেও দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে আলোচনা ও মতপার্থক্য দেখা গেছে। যদিও উভয় দেশই সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতার কথা বলে থাকে, তারপরও সীমান্ত হত্যা, চোরাচালান ও অনুপ্রবেশের মতো বিষয়গুলো মাঝে মাঝেই উত্তেজনা সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবন-জীবিকা ও মানবিক দিকগুলোও গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ সীমান্তের কঠোর নিরাপত্তাব্যবস্থা অনেক সময় স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। তাই নিরাপত্তা ও মানবিক বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা দুই দেশের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

