ঝিনাইদহে হামলার শিকার হয়ে থানায় আশ্রয় নেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “প্লিজ সেভ আস”। এ ঘটনাকে ঘিরে জেলায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হলে একদল যুবক তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং পরে হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর অনুসারীরা ঝিনাইদহ থানায় যান এবং মামলা করার প্রস্তুতি নেন। তবে থানায় গিয়ে তিনি অভিযোগ করেন, তাদের মামলা গ্রহণ করা হচ্ছে না।
ফেসবুক পোস্ট ও পরবর্তী বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী থানার সামনে অবস্থান নিয়েছে এবং তাদের ওপর আবারও হামলার চেষ্টা করছে।
এর আগে বিকেলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্রদল ও যুবদলের কর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়েছে। যদিও এ বিষয়ে স্থানীয় ছাত্রদল বা যুবদল নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও বিস্তারিত মন্তব্য করেনি।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

