এক মাসের মধ্যে মিরপুরে শিশু হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকার মিরপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যেই এ ঘটনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ত্রিশালের নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মিরপুরে এক নিষ্পাপ শিশুর নির্মম মৃত্যু দেশের মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রতিচ্ছবি। তিনি স্পষ্ট ভাষায় জানান, বর্তমান সরকার কোনো ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতনের ঘটনা সহ্য করবে না। ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধেরও পুনর্জাগরণ প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি জাতীয় কবি নজরুলের জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে আরও বেশি তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে ঘোষণা করার সম্ভাবনাও যাচাইয়ের নির্দেশনা দেওয়ার কথা জানান।

অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী ত্রিশালের ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। খালটি ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। প্রায় ৪৭ বছর পর সেই খাল পুনঃখননের উদ্বোধন করতে গিয়ে তারেক রহমান বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৪ হাজার ৩০০ কৃষক এবং অন্তত ২০ হাজার মানুষ উপকৃত হবেন। তিনি জানান, সমগ্র ময়মনসিংহ জেলায় আড়াই হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার বিষয়ও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। রাস্তাঘাট অবরোধ, যানবাহনে আগুন এবং উত্তেজনা তৈরির মাধ্যমে তারা আইনের শাসন ব্যাহত করতে চাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

এ সময় তিনি সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথাও তুলে ধরেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পোশাক ও স্কুলব্যাগ দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নতুন পোশাক ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে।

নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top