সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সাদিকা পারভীন পপি। অনলাইনে তার নামে দাবি করা হয়েছিল যে তিনি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ সোমবার রাতে প্রথম আলোকে কথা বলে পপি এই অভিযোগ খণ্ডন করেন।
পপি জানান, তিনি কখনো এমন কথা বলেননি। বরং চলচ্চিত্রে অভিনয় করে তিনি সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দর্শকদের ভালোবাসা পেয়েছেন। তার ভাষায়, ‘ফিল্ম করে আমি সুনাম, সম্মান, রাষ্ট্রীয় সম্মান এবং দর্শকের ভালোবাসা পেয়েছি। আমার ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি।’
চলচ্চিত্রে তার তিন দশকের কর্মজীবন নিয়ে গর্বিত পপি। তিনি জানান, বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তার মধ্যে রয়েছেন রাজ্জাক, আলমগীর, কবরী, শাবানা, ববিতা এবং আরও অনেক প্রভাবশালী চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক। পপি বলেন, ‘এই ইন্ডাস্ট্রি আমার পরিবার।’
চলচ্চিত্রকর্মীদের আয়ের বৈধতা নিয়েও পপি নিজের অবস্থান স্পষ্ট করেন। তার মতে, ‘চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষের ইনকাম শতভাগ হালাল। অনেক কষ্ট করতে হয় একটা ছবি করতে গেলে। এখানকার প্রতিটা মানুষের ইনকামই হালাল, ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই।’
পপি মনে করেন, ভুল কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে কোনো শিল্পীকে ছোট করা উচিত নয়। তিনি বলেন, ‘অন্ততপক্ষে একজন শিল্পীকে ভালো না বাসতে পারি, কিন্তু তাঁর সম্পর্কে বাজে কথা ছড়িয়ে সম্মানহানি করা উচিত নয়। যারা এ ধরনের কথা ছড়ায়, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।’
এই ফটোকার্ডটি ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি দাবি করেন, আগে অন্য নায়িকারা একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তার পোস্টে অভিনেতা বাপ্পারাজ মন্তব্যে লেখেন, ‘যখন আয় হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয়, আগে পাপ করেছি।’
বর্তমানে ঢাকার ধানমন্ডিতে স্বামী ও সন্তানদের সাথে থাকা পপি অভিনয় থেকে দীর্ঘদিন ধরে দূরে রয়েছেন।
সূত্র: ফেসবুক

