খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পর রাতের বেলায় পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বিবেচনায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, খুলনা জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান চলছে। এ পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য যাতে রাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনাটির অনুলিপি জেলা পুলিশের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলার শিকার হন। তিনি সাদাপোশাকে ছিলেন এবং রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে খুলনা নগরের খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের সামনে ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে।
পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজিতে কোপ দেওয়া হয়। এতে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ সুপার বলেন, এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দায়িত্ব পালন শেষে কোনো পুলিশ সদস্য যাতে ছিনতাইকারীদের কবলে না পড়েন, সে জন্যই এ সতর্কতামূলক ব্যবস্থা।
এর আগে গত মঙ্গলবার রাত থেকে অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে খুলনা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। রূপসায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা এবং দিঘলিয়ার ফরমাইশখানা এলাকায় চায়ের দোকানে গুলি করে আরেক ব্যক্তিকে হত্যার ঘটনার পর এ অভিযান শুরু হয়।
সাম্প্রতিক এসব ঘটনা এবং পুলিশ সদস্যের ওপর হামলার পরিপ্রেক্ষিতে দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে জেলা পুলিশ।

