মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এ নিয়োগ দেওয়া হবে। মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নেওয়া হবে।
বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন এবং প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।
মূল বেতনের পাশাপাশি কর্মীরা ওভারটাইমের সুযোগ, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা পাবেন। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর তাদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে।
বোয়েসেল জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ দিতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।

