হবু স্ত্রীর সরকারি চাকরি স্থায়ী নয় এ তথ্য জানার পর নির্ধারিত বিয়ে বাতিল করেছেন ভারতের এক যুবক। একটি ম্যাট্রিমনিয়াল অ্যাপের মাধ্যমে পরিচয় ও বাগদানের পর ঘটনাটি ঘটে। পরে যুবকের এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম রেডিটে বিষয়টি তুলে ধরলে তা নিয়ে অনলাইনে আলোচনা শুরু হয়।
ওই নারী একটি বেসরকারি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন। তিনি রাজ্য সরকারের একটি দপ্তরে চাকরি করলেও তাঁর পদটি স্থায়ী ছিল না। অভিযোগ করা হয়েছে, ম্যাট্রিমনিয়াল প্রোফাইলে চাকরির এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি দুই পরিবারের মধ্যে মতবিরোধের কারণ হয়ে দাঁড়ায়।
রেডিটে প্রকাশিত পোস্টে আরও বলা হয়, হবু স্বামীর ক্ষেত্রে ওই নারীর কিছু প্রত্যাশা ছিল। তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যার নির্দিষ্ট অঙ্কের বেশি আয় থাকবে, নিজস্ব বাড়ি ও গাড়ি থাকবে এবং উচ্চতাও বেশি হবে। অন্যদিকে, যুবকের প্রোফাইলে তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি উল্লেখ ছিল এবং ওই নারী আগে থেকেই তা জানতেন বলে পোস্টে দাবি করা হয়েছে।
পোস্টের তথ্যমতে, ওই যুবক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এবং বিদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরোর (ISRO) বিজ্ঞানী হিসেবে কর্মরত। তাঁর ভালো বেতন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন রয়েছে বলেও পোস্টে দাবি করা হয়েছে।
জানা যায়, বিয়েতে দুই পরিবারের সম্মতি ছিল এবং বিয়ের তারিখও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরে যখন জানা যায়, হবু কনের সরকারি চাকরিটি স্থায়ী নয়, তখন যুবকের পরিবার বাগদান বাতিলের সিদ্ধান্ত নেয়। ফলে নির্ধারিত বিয়ে আর এগোয়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পাত্রপক্ষের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁদের মতে, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্কে চাকরির প্রকৃতি বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট না থাকলে শুরুতেই পারস্পরিক আস্থার সংকট তৈরি হতে পারে। অন্যদিকে, কয়েকজন ব্যবহারকারী সতর্ক করেছেন, কারণ ঘটনাটির বিবরণ মূলত রেডিটে প্রকাশিত এক পক্ষের বক্তব্যের ওপর নির্ভরশীল। তাই শুধু ওই বিবরণের ভিত্তিতে কোনো পক্ষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে না যাওয়াই উচিত।

