২০২৭ সালে স্বর্ণের দামের পূর্বাভাস দিল গোল্ডম্যান স্যাকস, জেনে নিন দাম কত হবে

বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে সোনার দামে বড় ধরনের পতন হলেও দীর্ঘ মেয়াদে আবার মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৮০০ ডলারের পূর্বাভাস দিয়েছিল।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দামে টানা দরপতন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনা রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে উঠেছিল। এরপর থেকে মূল্য কমেছে প্রায় ৩৬ শতাংশ। সর্বশেষ শুক্রবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৫৮৫ ডলার ৯২ সেন্টে নেমে আসে। দিনের একপর্যায়ে দাম ৩ হাজার ৫১৩ ডলার ৫৪ সেন্টেও নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গত সপ্তাহে সব মিলিয়ে সোনার দাম কমেছে প্রায় ৮ শতাংশ।

গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা থাকায় বেসরকারি বিনিয়োগকারীদের সোনায় আগ্রহ কমতে পারে। এ কারণেই ২০২৭ সালের জন্য তাদের আগের পূর্বাভাস কিছুটা কমানো হয়েছে। প্রতিষ্ঠানটির অর্থনীতিবিদদের ধারণা, আগামী ডিসেম্বর ফেড ২৫ ভিত্তি পয়েন্ট সুদ বাড়াতে পারে। এরপর ২০২৭ সালের মার্চেও আরেক দফা সুদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

সুদের হার বাড়লে বন্ডসহ সুদযুক্ত সম্পদে বিনিয়োগ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে। অন্যদিকে সোনা থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়ার প্রত্যাশা তৈরি হলে সোনার চাহিদায় চাপ পড়তে পারে। এর পাশাপাশি শক্তিশালী ডলার এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ সুদহারও সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

তবে দীর্ঘ মেয়াদে সোনার বাজার নিয়ে আশাবাদী গোল্ডম্যান স্যাকস। এর অন্যতম কারণ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা কেনা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন সোনা কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। শুধু তৃতীয় প্রান্তিকেই কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার পরিমাণ ছিল ৩২১ টন, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি।

এ ছাড়া সোনাভিত্তিক বিনিয়োগ তহবিলেও চাহিদা রয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নিট বিনিয়োগ এসেছে ২১১ টন। ফলে এসব তহবিলে সোনার মোট মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে পৌঁছেছে।

গোল্ডম্যান স্যাকসের ধারণা, ২০২৭ সালের ডিসেম্বর থেকে ফেড সুদের হার কমাতে শুরু করলে পশ্চিমা বাজারে ব্যক্তিগত বিনিয়োগকারীদের সোনায় আগ্রহ আবার বাড়তে পারে। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা অব্যাহত থাকলে তা দাম বাড়ার পক্ষে সহায়ক হবে। তবে স্বল্প মেয়াদে সুদের হার বৃদ্ধি, ডলারের শক্তিশালী অবস্থান এবং বাজারের অস্থিরতার কারণে সোনার দামে আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

এদিকে সাম্প্রতিক দরপতনের পর এশিয়ার কিছু বাজারে কম দামে সোনা কেনার প্রবণতাও দেখা যাচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারত ও চীনে সোনার চাহিদা বেড়েছে। ফলে একদিকে সুদের হার ও ডলারের কারণে বাজারে চাপ থাকলেও অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং কম দামে নতুন চাহিদা—এই দুইয়ের প্রভাবে ভবিষ্যতে সোনার বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছে গোল্ডম্যান স্যাকস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top