তাজমহল দেখতে ভারতে গিয়ে নামের মিলের কারণে হত্যা মামলায় জড়িয়ে পড়া বাগেরহাটের মোংলার বাদল ফরাজী প্রায় ১৮ বছর কারাগারে কাটানোর পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন। দীর্ঘ বন্দিজীবনের পর মঙ্গলবার তিনি নিজ বাড়িতে ফিরেছেন। তবে সাময়িক এই মুক্তিতে স্বস্তির পাশাপাশি পরিবারে রয়েছে আবারও তাঁকে হারানোর শঙ্কা। পরিবারের দাবি, তাঁকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজীকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশি নিরাপত্তায় তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মোংলার কুমারখালী এলাকায় তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাদলের মা শেফালী বেগম ছেলের সাময়িক নয়, স্থায়ী মুক্তি চান। অসুস্থ ও বৃদ্ধ এই মা জানান, ছেলেকে এক মাসের জন্য কাছে পাওয়ার পর আবার কারাগারে ফিরে যেতে হবে—এ বিষয়টি তাঁর জন্য অত্যন্ত কষ্টের। পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাদলের মুক্তির চেষ্টা করা হলেও এখনো তা স্থায়ীভাবে সম্ভব হয়নি।
বাদলের বন্দিজীবনের শুরু ২০০৮ সালে। তখন তিনি অষ্টম শ্রেণির ছাত্র। পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে গিয়ে দিল্লিতে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন। অভিযোগ ছিল, মামলার আসামি বাদল সিংয়ের সঙ্গে তাঁর নামের মিল থাকায় তাঁকে ভুলভাবে শনাক্ত করা হয়েছিল। ২০১৫ সালে দিল্লির আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সাজা বহাল রাখে।
প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশে ফেরার পরও তাঁর বন্দিজীবনের অবসান হয়নি। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাঁকে। সব মিলিয়ে ভারত ও বাংলাদেশে প্রায় ১৮ বছর কারাগারে কাটিয়েছেন তিনি।
কারাগারে থাকাকালেও পড়াশোনা চালিয়ে যান বাদল। তিহার কারাগারে বন্দি অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন। তাঁর মুক্তির দাবিতে মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকরাও দীর্ঘদিন কাজ করেছেন।
বাদলের মা অসুস্থ এবং চলাফেরায় অক্ষম। কারাগারে থাকতেই তাঁর বাবা মারা যান। এ অবস্থায় প্রায় দেড় যুগ পর ছেলের সাময়িক মুক্তিতে পরিবার আনন্দ পেলেও তাদের মূল প্রত্যাশা বাদলের স্থায়ী মুক্তি। পরিবারের ভাষ্য, চার সপ্তাহের এই প্যারোল যেন তাঁর দীর্ঘ বন্দিজীবনের শেষ অধ্যায় হয়ে স্থায়ীভাবে মায়ের কাছে ফেরার সুযোগ তৈরি করে।

