পরিবারের হাল ধরতে ১৩ বছর বয়সেই ছেলের ছদ্মবেশে চায়ের দোকানে কাজ করেন নুরিয়া

আফগানিস্তানে তালেবানের হাতে আটক এক কিশোরীর জোরপূর্বক স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নূরিয়া নামের ১৩ বছর বয়সী ওই কিশোরী পরিবারের ভরণপোষণের জন্য ছেলেদের পোশাক পরে কয়েক বছর ধরে কাজ করছিল।

হেলমান্দ প্রদেশের নাদ আলী জেলার জারগুন গ্রামের বাসিন্দা নূরিয়া বাবার মৃত্যুর পর পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে ওঠে। তালেবানের অধীনে নারীদের কাজ, চলাফেরা ও মেয়েদের শিক্ষার ওপর নানা বিধিনিষেধের মধ্যে পরিবারের খাবারের ব্যবস্থা করতে সে ছেলেদের পোশাক পরে রেস্তোরাঁয় কাজ করত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তালেবানের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করছেন। সেখানে নূরিয়া নিজের নাম নূর আহমদ বলেও পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদের সময় সে জানায়, ছেলেদের পোশাক পরা তার ইচ্ছা ছিল না; পরিবারের দায়িত্ব পালনের প্রয়োজনেই সে এমন পোশাক পরেছিল।

নূরিয়া প্রায় তিন বছর একটি রেস্তোরাঁয় কাজ করেছে। শুরুতে তার মাসিক আয় ছিল ৭ হাজার আফগানি। পরে তা বেড়ে ১০ হাজার আফগানিতে দাঁড়ায়। বাবার মৃত্যুর পর মা ও বোনদের দেখাশোনার দায়িত্ব পালনের জন্যই তাকে কাজ করতে হয়েছে বলে ভিডিওতে জানায় সে।

ভিডিওটি প্রকাশের পর নারী অধিকারকর্মী, সাবেক আফগান সরকারি কর্মকর্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তালেবানের আচরণের নিন্দা জানান। তাঁদের বক্তব্য, জীবিকার প্রয়োজনে ছেলেদের পোশাক পরা একটি শিশুকে আটক করে জিজ্ঞাসাবাদ ও প্রকাশ্যে অপমান করা মানবিক মর্যাদার লঙ্ঘন।

তবে ভিডিওটি ঠিক কবে ও কোথায় ধারণ করা হয়েছিল, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তালেবানের একজন মুখপাত্র দাবি করেছেন, ভিডিওটি সাম্প্রতিক নয়; কয়েক বছর আগের ঘটনা। অন্যদিকে মানবাধিকারকর্মীরা এটিকে জোরপূর্বক স্বীকারোক্তি ও নারী-শিশুদের ওপর নিপীড়নের উদাহরণ হিসেবে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top