বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগই মূল্যসংযোজন কর বা ভ্যাট পরিশোধে চলে যায়। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট হিসেবে দেয়। ফলে আয়ের অনুপাতে ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের চাপ প্রায় সাত গুণ বেশি।
বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) পরিচালিত এক গবেষণায় করব্যবস্থার এই বৈষম্য উঠে এসেছে। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণাটি পরিচালনা করেছেন র্যাপিডের গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তাহসিন রিফাত।
গবেষণার আরও তথ্য অনুযায়ী, সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ অর্থ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে যায়। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ আয় কম হলেও দৈনন্দিন ভোগ ও পণ্য-সেবার ওপর আরোপিত পরোক্ষ করের কারণে দরিদ্রদের আয়ের তুলনায় করের বোঝা বেশি হয়ে দাঁড়াচ্ছে।
গ্রামাঞ্চলে এ চাপ আরও বেশি বলে গবেষণায় উঠে এসেছে। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাট হিসেবে ব্যয় হয়। শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।
গবেষণায় দেশের আয় ও কর কাঠামোর মধ্যেও বড় ধরনের বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে। দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। প্রচলিত করহার অনুযায়ী, সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই ধনী শ্রেণির কাছ থেকে আসার কথা। অন্যদিকে নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়কর দেওয়ার কোনো দায়ভার নেই।
তবে বাস্তবে আয়কর আদায়ের পরিধি অনেক সীমিত। দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার কম। ব্যক্তি পর্যায়ে রিটার্ন দাখিলের হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ।
র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, শুধু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করলেই হবে না; করব্যবস্থায় ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করাও জরুরি। তাঁর মতে, সমপরিমাণ আয়ের ক্ষেত্রে সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর তুলনামূলক বেশি কর আরোপ করা হলে করব্যবস্থায় বৈষম্য কমানো সম্ভব।
অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো খতিয়ে দেখছে। চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে বলেও জানান তিনি। এর পরিবর্তে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান অর্থসচিব।

