রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালের এ ঘটনা নিশ্চিত করেছেন পুলিশের ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।
তিনি জানান, সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল পতাকাবাহী গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫)। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে চালককে জানিয়ে দেয়, এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন। পরে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নং ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। চালককে বলা হয়, এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুইটি মামলা হয়েছে। তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’
তিনি আরও জানান, ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের এই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মন্ত্রীর গাড়ি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে যাচ্ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর, এবং ওই সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন।
ট্রাফিক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হলো, যা নজিরবিহীন। এর আগেও গন্তব্যে দ্রুত পৌঁছানো বা যানজট এড়াতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার খবর গণমাধ্যমে এসেছে, তবে এবারই প্রথম এ নিয়ে মামলা হলো।
সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘‘যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন, যানজটের মধ্যেও তার গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে, সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টো পথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা বহন করবে।

