খাদ্যে ভেজাল ও অনিয়ম ঠেকাতে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধন করে শাস্তির বিধান আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা যাবে। একই সঙ্গে আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নিরাপদ খাদ্য আইন সংশোধনের বিষয়ে এসব প্রস্তাব আলোচনা করা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রস্তাব অনুযায়ী, কোনো অভিযোগের ভিত্তিতে অথবা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে প্রশাসনিক জরিমানা আরোপের সুযোগ থাকবে। জরিমানা আদায় হলে তার এক-চতুর্থাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে খাদ্যে ভেজাল ও অন্যান্য অনিয়মের বিষয়ে সাধারণ মানুষকে অভিযোগ করতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বিদ্যমান আইন আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে খাদ্যে গুরুতর অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখার পক্ষেও মত দেন তিনি।
এ ছাড়া বৈঠকে দেশের খাদ্যগুদামের ধারণক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বর্তমানে সরকারি খাদ্যগুদামগুলোর মোট ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। ২০৩০ সালের মধ্যে এই সক্ষমতা ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী গুদাম চিহ্নিত করে প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করা হয়েছে।
খাদ্যশস্যের মান ঠিক রাখতে গুদামে সঠিক আর্দ্রতা বজায় রাখা, পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাকের ঝুঁকি কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন গুদাম নির্মাণে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বৈঠকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম কমাতে ডিলার নিয়োগের নীতিমালা সংশোধনের বিষয়টিও জানানো হয়। নতুন নিয়মে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার রাখার বিধান করা হয়েছে। আগে ৫০০ জন উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের ব্যবস্থা ছিল।
এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচিও বৈঠকে আলোচনায় আসে। গত ১৩ নভেম্বর থেকে চালু হওয়া এই কর্মসূচিতে নির্ধারিত এলাকার শ্রমিকেরা প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাচ্ছেন।

