ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে তাঁর পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম প্রকাশ্যে এলো।
সোমবার শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের পাঠানো ওই চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন দুটি নথি ইস্যুর আবেদন দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, সেটিও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ। দলের অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছেন।
শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগকে তাঁর প্রত্যাবর্তনের পরিকল্পনা বাস্তবায়নের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখছে রয়টার্স। তবে তাঁর ফেরাকে ঘিরে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন কমাতে ভূমিকা রাখতে পারে এমন সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

