বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। টরন্টোয় অনুষ্ঠিত এই ম্যাচে দলের হয়ে গুরুত্বপূর্ণ এক গোল করেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার গোলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে পেনাল্টি নেওয়ার আগে করা একটি অঙ্গভঙ্গি ও ঠোঁট নড়ানোর দৃশ্য।
শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরে তাদের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হলে ম্যাচে ফেরার সুযোগ পায় পর্তুগাল। এক পর্যায়ে পেনাল্টি পায় ইউরোপের দলটি।
স্পটকিক নিতে যাওয়ার আগে রোনালদোকে নিজের সঙ্গে কিছু বলতে দেখা যায়। এরপর তিনি শান্তভাবে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এবং ম্যাচে ১-১ সমতা ফেরান। এই গোলের মাধ্যমে বড় টুর্নামেন্টের নকআউট পর্বে দীর্ঘদিনের গোলখরাও কাটান ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
পেনাল্টির ঠিক আগে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নতুন আলোচনা। অনেক ব্যবহারকারী দাবি করেন, শট নেওয়ার আগে রোনালদো আরবি শব্দ ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) উচ্চারণ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লেখেন, ‘সফলভাবে পেনাল্টি নেওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে “বিসমিল্লাহ” বলতে দেখা গেছে।’ আরেকজনের দাবি, তিনি শট নেওয়ার আগে দুবার ‘বিসমিল্লাহ’ বলেছেন। একই ধরনের মন্তব্য করেছেন আরও অনেক নেটিজেন।
তবে ভিডিওটি দেখে রোনালদো ঠিক কী বলেছিলেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ বিষয়ে পর্তুগিজ অধিনায়ক কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।
উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদোকে দেশটির সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে দেখা গেছে। এর আগে ফ্রি-কিক বা পেনাল্টি নেওয়ার আগে তাকে ‘বিসমিল্লাহ’ বলতে দেখা গেছে—এমন দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছিল। তবে সেসব দাবিরও কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা রোনালদোর নিজস্ব স্বীকৃতি পাওয়া যায়নি। ফলে এবারও ভাইরাল হওয়া ভিডিওটির দাবি নিশ্চিতভাবে সত্য বলে বলা যাচ্ছে না।

