প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি হৃদয়ের

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে তার এই ইনিংসেই বিপদ কাটিয়ে ড্রয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

পচেফস্ট্রুমের মাঠটি হৃদয়ের কাছে অচেনা নয়। ছয় বছর আগে এই মাঠেই ইতিহাসের অংশ হয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর একই ভেন্যুতে ফিরে আবারও নিজের নাম লেখালেন রেকর্ডের পাতায়।

তৃতীয় দিন শেষে ১৩৯.৫ ওভারে ৬ উইকেটে ৪৭১ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে স্বাগতিকরা করেছিল ৫১২ রান, ফলে সফরকারীরা এখনও ৪১ রানে পিছিয়ে। ৩৩৯ বল মোকাবিলা করে হৃদয় অপরাজিত আছেন ২০৪ রানে।

৪ উইকেটে ২০১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের ইনিংসে হৃদয় তখন অপরাজিত ছিলেন ৭৫ রানে। দিনের শুরুর দিকেই সেঞ্চুরি তুলে নেন তিনি, এরপর সেটিকে টেনে নিয়ে যান ডাবল সেঞ্চুরিতে।

অন্য প্রান্তে দুজন ব্যাটার সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ফিরেছেন। হৃদয়ের সঙ্গে জুটি গড়া জাকের আলী অনিক ১৬৮ বলে ৯৪ রান করে নার্ভাস নাইন্টিতে কাটা পড়েন। এরপর দুর্দান্ত ব্যাট করা মোহাম্মদ সাইফউদ্দিন ১৭১ বলে ৮৭ রানে আউট হন। সাইফউদ্দিন ফেরার পরপরই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

এতদিন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল মাহমুদুল হাসান জয়ের। ২০২২ সালে ডারবানে স্বাগতিকদের বিপক্ষে ১৩৭ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ছাপিয়ে এখন শীর্ষে হৃদয়ের নাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top