ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যেই গ্রেপ্তার হয়েছেন বোরহান মাহমুদ। চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে ‘বড় লেভেলে’ রাজনীতি করার ইচ্ছার কথাও উল্লেখ করেন। এর পরদিনই তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে বোরহানকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানা-পুলিশের একটি দল মধুখালী থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পুলিশ জানিয়েছে, তিনি একটি চেক প্রতারণা বা চেক ডিজঅনার মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
২০১৮ সালে ৮ লাখ ২০ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে বোরহানের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এত দিন তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পদত্যাগের কারণ হিসেবে বোরহান দলীয় অভ্যন্তরীণ বিরোধের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাঁকে ‘মবকারী’ বলে আখ্যা দেন। এর প্রতিবাদেই তিনি দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানান।
এদিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে নিজের ভাড়া বাসা থেকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বোরহান অভিযোগ করেন, তাঁকে একটি মামলায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি এ ঘটনাকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন। ভিডিও বার্তায় তিনি ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও জানান।
তবে বিএনপির স্থানীয় নেতারা বোরহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। অন্যদিকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম জানান, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করলেও সাম্প্রতিক কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডের কারণে তাঁকে সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।

