বাংলাদেশি ভেবে সীমান্তে ২ ভারতীয়কে গুলি করল বিএসএফ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ ভূখণ্ডে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। গরু চোরাচালানের সময় তাদের আটক করার পর এ ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায়। রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তের দিকে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় বাংলাদেশি সহযোগীরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের হেফাজতে নেয় এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত দুই ব্যক্তি হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচর জেলার সুখচর থানার বড়বালু এলাকার ইসমাইল হোসেন ও খাজা আব্দুল আলীম। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পুলিশি পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহত ইসমাইল হোসেনের দাবি, ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি ভেবে আটক করেন। পরে তাদের বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে গিয়ে গুলি করে ফেলে রেখে যাওয়া হয়। সীমান্ত এলাকায় গরু পারাপারের সময় বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের বিরোধ ও ধস্তাধস্তির পর গুলি চালানো হয় বলেন জানান তিনি। তবে স্থানীয় সূত্রে ঘটনাটিকে গরু চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করবে।

এদিকে, ঘটনাটি নিয়ে বিজিবির বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানিয়েছেন, সীমান্তে গুলির এমন কোনো ঘটনা তাদের জানা নেই। তিনি এ বিষয়ে কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে বলে জানান।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর। আহতদের বক্তব্য অনুযায়ী, দইখাওয়া চর সীমান্ত এলাকায় গরু পারাপারের সময় বিএসএফ সদস্যরা তাদের গুলি করেন। পরে স্থানীয়দের সহায়তায় তারা রংপুরে চিকিৎসার জন্য আসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top