রাজধানীর কাকরাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটির বিরুদ্ধে অতীতে নেওয়া রাজনৈতিক পদক্ষেপের মূল কারণ ছিল তারা ‘আধিপত্যবাদ মেনে নেয়নি’। তিনি দাবি করেন, জুলাই আন্দোলন চলাকালীন তৎকালীন আওয়ামী লীগ সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলেও তাদের অবস্থান বদলাতে পারেনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের কাউন্সিল হলে ঢাকা মহানগর জামায়াতের উত্তর ও দক্ষিণ ইউনিটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নেইনি।” তিনি আরও দাবি করেন, ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও জামায়াতকে দায়ী করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও জামায়াতকে বশে আনা যায়নি বলেই দলটিকে ঘিরে এমন অভিযোগ তোলা হচ্ছে।
একজন সাবেক প্রতিমন্ত্রীর কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, “বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলকে একটি দেশ পকেটে ঢুকিয়ে ফেলেছে, শুধু একটি দলকে পারেনি। সেই দলের নাম জামায়াতে ইসলামী। সমস্যাটা এখানেই।”
জুলাই গণঅভ্যুত্থানে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই দলটি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছিল। তবে আন্দোলন সফল হওয়ার পরও জামায়াত কখনো এর কৃতিত্ব দাবি করেনি। তিনি বলেন, দলটি শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।
শহীদ ও আহতদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আন্দোলনে প্রাণ হারানোদের অধিকাংশই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এবং অনেকেই শিক্ষার্থী ছিলেন না। তার দাবি, তারা কেবল একটি বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, করপোরেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে। তার বলেন, যোগ্য ও সৎ ব্যক্তিদের সরিয়ে দুর্নীতিগ্রস্তদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হচ্ছে, যা দেশের জন্য উদ্বেগজনক।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং ভুল থেকে ফিরে এসে সঠিক পথে চলতে হবে। তিনি মন্তব্য করেন, দেশ বর্তমানে কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন।
বক্তব্যের শেষদিকে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদদের হত্যার বিচার এবং আহতদের ন্যায্য অধিকার আদায়ের দাবি থেকে তার দল কখনো সরে আসবে না। তিনি আরও বলেন, ভয়ভীতি বা চাপ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান পরিবর্তন করা যাবে না এবং জনগণের অধিকার আদায়ে তারা ভবিষ্যতেও সোচ্চার থাকবে।

