বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রতি লিটারের নতুন দাম দাঁড়িয়েছে ২০৪ টাকা, যা এতদিন ছিল ১৯৯ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান। তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে।’

দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে পরিবহন ব্যয়ও। এসব কারণ দেখিয়ে আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীরা আরও বেশি বাড়ানোর দাবি করলেও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ ছিল লিটারে ১০ টাকা বাড়ানোর।

বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না—এ প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ‘সেটা তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

নতুন বেতন কাঠামো অনুমোদন ও সম্প্রতি চিনির দাম বৃদ্ধির পর এবার ভোজ্যতেলের দাম বাড়ায় মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top