মেট্রোরেলে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো গেলেও স্টেশন থেকে গন্তব্যে যাওয়ার শেষ অংশের যাত্রা নিয়ে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের আশপাশের এলাকায় স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে রিকশায় ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয়। এ সমস্যা ও বাড়তি খরচ কমাতে চালু হয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা ‘জোবাইক’।
জোবাইকের নতুন সেবায় প্রতি মিনিটে সাইকেল চালানোর ভাড়া মাত্র ১ টাকা। এর সঙ্গে রাইড শুরুর সময় ২ টাকা আনলকিং ফি দিতে হয়। ফলে ১০ মিনিটের একটি যাত্রায় মোট খরচ দাঁড়ায় ১২ টাকা। ২০ মিনিটের রাইডে খরচ হবে ২২ টাকা। একই দূরত্বে রিকশার তুলনায় এ খরচ উল্লেখযোগ্যভাবে কম।
প্রাথমিকভাবে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে এ সেবা চালু হয়েছে। এর আগে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তির আওতায় মেট্রোরেল লাইন-৬-এর উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ, এই তিন স্টেশনে জোবাইক চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছিল। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য মেট্রো স্টেশনেও সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জোবাইক ব্যবহারের জন্য প্রথমে স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করে নিবন্ধন করতে হয়। এরপর অ্যাকাউন্টে টাকা রিচার্জ করে নির্ধারিত জায়গায় থাকা সাইকেল নির্বাচন করতে হবে। সাইকেলে থাকা কিউআর কোড অ্যাপ দিয়ে স্ক্যান করলে সাইকেলের লক খুলে যাবে। যাত্রা শেষে নির্ধারিত পার্কিং এলাকায় সাইকেল রেখে লক সম্পন্ন করলেই রাইড শেষ হবে।
বর্তমানে উত্তরা এলাকায় জোবাইকের পার্কিং স্টেশনও রয়েছে। উত্তরা উত্তর মেট্রো স্টেশনের নিচে এবং রূপায়ণ সিটিতে দুটি পার্কিং স্টেশন রয়েছে। ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে আরও পার্কিং স্টেশন বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
জোবাইকের এই সেবা মূলত মেট্রোরেলের ‘ফার্স্ট মাইল’ ও ‘লাস্ট মাইল’ যাতায়াতের সমস্যা কমানোর লক্ষ্যেই চালু করা হয়েছে। মেট্রো থেকে নেমে বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলে যাওয়ার জন্য স্বল্প দূরত্বের যাত্রায় রিকশার বিকল্প হিসেবে সাইকেলটি ব্যবহার করা যাবে। এতে যাত্রীরা কম খরচে চলাচলের পাশাপাশি যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাবেন।
তবে ব্যবহারকারীদের কয়েকজন কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন। সাইকেল আনলক করার সময় নেটওয়ার্ক সমস্যা, হেলমেটের অভাব এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার মতো বিষয় উঠে এসেছে। সাইকেলগুলোর প্যাডেল তুলনামূলক শক্ত মনে হওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।
তবু স্বল্প দূরত্বের যাতায়াতে কম খরচের কারণে জোবাইক ইতোমধ্যে যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে মেট্রোরেল থেকে নেমে আশপাশের এলাকায় যাওয়ার ক্ষেত্রে ৪০-৬০ টাকার রিকশাভাড়ার পরিবর্তে ১০ মিনিটে ১২ টাকায় সাইকেল ব্যবহারের সুযোগ যাতায়াতের খরচ কমানোর একটি বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

