মাদ্রিদে সাবান দেখিয়ে বামপন্থীদের গোসল করতে বললো ডানপন্থীরা

স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহাসিক পুয়ের্তা দেল সল চত্বরে আবাসন সংকটের প্রতিবাদে অবস্থান নেওয়া বামপন্থী কর্মীদের লক্ষ্য করে সাবান দেখিয়ে ব্যঙ্গ করেছেন অতি ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা। গত ১২ অক্টোবর স্পেনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের দিন এ ঘটনা ঘটে। আবাসনের উচ্চমূল্য, উচ্ছেদ এবং সবার জন্য সাশ্রয়ী ও নিরাপদ বাসস্থানের দাবিতে তাঁবু টানিয়ে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের জাতীয় পতাকা ও ফ্রাঙ্কোবাদী এবং ফালাঞ্জপন্থী প্রতীক বহনকারী কয়েক শ মানুষ পুয়ের্তা দেল সল এলাকায় জড়ো হন। সেখানে তাঁরা অবস্থানকারীদের উদ্দেশে বিভিন্ন বিদ্রূপাত্মক ও অপমানজনক স্লোগান দেন। বামপন্থী কর্মীরা নিয়মিত গোসল করেন না, এমন ইঙ্গিত দিয়ে তাঁদের দিকে দূর থেকে সাবান দেখিয়ে ব্যঙ্গ করেন। পাশাপাশি জাতীয়তাবাদী ও ধর্মীয় পরিচয়কেন্দ্রিক স্লোগানও দেওয়া হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ। এর জবাবে আবাসন আন্দোলনের কর্মীরা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন। তাঁরা নিজেদের এলাকার মানুষের অধিকার রক্ষা এবং শ্রমজীবী শ্রেণির সংগ্রাম অব্যাহত রাখার কথা তুলে ধরেন। অবস্থানকারীদের মধ্যে ফিলিস্তিনের পতাকা ও স্পেনের প্রজাতন্ত্রপন্থী পতাকাও দেখা যায়।

আন্দোলনকারীদের আবাসনসংক্রান্ত দাবির বিপরীতে ডানপন্থী গোষ্ঠীর এই আচরণ রাজনৈতিক বিরোধকে আরও প্রকাশ্যে নিয়ে আসে। আবাসনের ক্রমবর্ধমান ব্যয় এবং উচ্ছেদের বিরুদ্ধে চলমান কর্মসূচিকে ঘিরে স্পেনের রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। পুয়ের্তা দেল সলের অবস্থান কর্মসূচি ২৬ সেপ্টেম্বর শুরু হয়েছিল।

ঘটনাস্থলে অতি ডানপন্থী কয়েকজনকে ফ্রাঙ্কোবাদী সংগীত গাইতেও দেখা যায়। তাঁরা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রতিও কটূক্তি করেন। পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে স্লোগান দেন। দিনটির ঘটনায় তিনজনকে আটক করা হয় এবং একজন পুলিশ সদস্য আহত হন।

এর আগে ৭ অক্টোবর স্পেনের রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) যুব সংগঠন নুয়েভাস হেনেরাসিওনেস দে পিপি সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বিদ্রূপ করে। পুয়ের্তা দেল সলে ভারী বৃষ্টিতে আন্দোলনকারীদের তাঁবু ভিজে যাওয়ার পর সংগঠনটি মন্তব্য করে, বৃষ্টির কারণে তাঁরা কয়েক দিন পর গোসলের সুযোগ পেয়েছেন। এর জবাবে সমাজতান্ত্রিক যুব সংগঠন আন্দোলনকারীদের অধিকার আদায়ের প্রচেষ্টাকে উপহাস না করার আহ্বান জানায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top