রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ায় রাষ্ট্রদ্রোহের মামলা

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আ ন ম আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তার দেখানো অন্য তিনজন হলেন মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি। তাঁদের বয়স যথাক্রমে ১৯, ১৮ ও ২৭ বছর। আয়াসের বয়স ২৯ বছর। পুলিশের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন। এ ঘটনায় আয়াসকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে নেওয়ার কথা জানায় পুলিশ। পরবর্তী সময়ে এ ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর দেয়ালজুড়ে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাটির ফুটপাত দখলমুক্ত করে। এরপর দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি স্থান পায়।

ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়। এর মধ্যেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনাটি সামনে আসে।

আ ন ম আয়াস এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সংঘর্ষ ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংবাদমাধ্যমের আলোচনায় এসেছেন। তিনি একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ, ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে তাঁর একটি ভিডিও প্রকাশের ঘটনাও তাঁকে আলোচনায় আনে। এসব ঘটনার কয়েকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top