বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের পরিকল্পনা ঘোষণা করেছে কানাডা। দেশটির ২০২৭ থেকে ২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছরে ১১ লাখ ১০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থাকবেন বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা কানাডায় প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২ লাখ ২০ হাজার বিদেশি কর্মী এবং ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী থাকবেন। অর্থাৎ তিন বছরে মোট ৬ লাখ ৬০ হাজার কর্মী এবং ৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত ২ লাখ ২০ হাজার ওয়ার্ক পারমিটের মধ্যে প্রতিবছর ১ লাখ ৭০ হাজার দেওয়া হবে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের (আইএমপি) আওতায়। বাকি ৫০ হাজার কর্মী নেওয়া হবে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের (টিএফডব্লিউপি) মাধ্যমে। কিছু ক্ষেত্রে আইএমপির আওতায় কাজের অনুমতির জন্য লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বা এলএমআইএ প্রয়োজন হয় না। অন্যদিকে টিএফডব্লিউপি-তে সাধারণত নিয়োগকর্তাকে এলএমআইএ নিতে হয়।
আবেদন করবেন যেভাবে
কর্মসংস্থানের জন্য আগে আবেদনকারীর যোগ্যতা ও সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিটের ধরন নির্ধারণ করতে হবে। এরপর কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) অ্যাকাউন্টে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হয়। প্রয়োজনীয় ফর্ম ও নথি আপলোড, নির্ধারিত ফি পরিশোধ এবং আবেদন জমা দেওয়ার পর প্রয়োজন হলে বায়োমেট্রিক দিতে হয়। নিয়োগকর্তাভিত্তিক ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে চাকরি-সংক্রান্ত নথিও প্রয়োজন হতে পারে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথমে কানাডার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন (DLI) থেকে ভর্তির অনুমতিপত্র নিতে হবে। এরপর প্রযোজ্য ক্ষেত্রে প্রভিন্সিয়াল বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার সংগ্রহ করে স্টাডি পারমিটের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর আর্থিক সক্ষমতার প্রমাণসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার পর বায়োমেট্রিকের নির্দেশনা পেলে নির্ধারিত কেন্দ্রে গিয়ে তা দিতে হবে। এরপর আবেদন যাচাই করে সিদ্ধান্ত জানাবে কানাডার কর্তৃপক্ষ।
তবে এই ১১ লাখ ১০ হাজার সুযোগ কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য আলাদা কোটা নয়। যোগ্যতা পূরণ করলেই আবেদনকারীরা সংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে সুযোগের জন্য বিবেচিত হবেন। একই সময়ে কানাডা আগামী তিন বছরে প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার করে মোট ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্যও নির্ধারণ করেছে।

