গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া

গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটক করছে মালয়েশিয়া। দেশটির বিমানবন্দর ব্যবহার করতে গিয়ে বহু ইসরায়েলি নাগরিক ভোগান্তির মুখে পড়ছেন। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক ব্যক্তিকে আটক করার ঘটনাও ঘটেছে। শনিবার (২৮ মার্চ) ওয়াইনেট গ্লোবাল-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে অন্তত আটজন ইসরায়েলি নাগরিককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার পথে ট্রানজিট হিসেবে দেশটি ব্যবহার করছিলেন। উল্লেখ্য, ইসরায়েল ও মালয়েশিয়ার মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

এক ঘটনায় দেখা যায়, ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরায়েলি তরুণ-তরুণীকে কুয়ালালামপুরে আটক করা হয়। তাদের মধ্যে দুই নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের মাধ্যমে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কি না তা যাচাই করেছিলেন এবং ইতিবাচক উত্তর পান। তবে বাস্তব পরিস্থিতির মুখে পড়ে তারা শেষ পর্যন্ত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এছাড়া, কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে আরও দুই ইসরায়েলি নাগরিককে মালয়েশিয়ায় আটক করা হয়। পরে দুই দিন পর তাদের আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাধারণত এসব আটকের সময়কাল ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকলেও, অনেক ক্ষেত্রে তা আরও দীর্ঘ হয়। বিশেষ করে, যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরায়েলি নাগরিকদের প্রবেশে সম্মতি দেয় না, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ওয়াইনেট আরও জানিয়েছে, সিঙ্গাপুরে ইসরায়েলি দূতাবাসের হস্তক্ষেপে কিছু নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে। দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নাগরিকদের আটকের ঘটনা বেড়েছে, যা ভ্রমণে বিলম্ব, ভোগান্তি এবং অতিরিক্ত ব্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top