আওয়ামী লীগের মতো পুলিশকে দলীয় বাহিনী বানাতে চাইছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকার ও প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের মতোই পুলিশকে “দলীয় লাঠিয়াল বাহিনীতে” পরিণত করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, “জেলা আদালতে কে জামিন পাবে, কী রায় হব সবকিছুই এখন ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাধীন বিচারব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপ শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ আশা করেছিল পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। কিন্তু বাস্তবে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে দলীয় সমর্থকের ভূমিকায় দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা না গেলে জনগণের আস্থা ফিরবে না।

গত ২২ মে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। ছাত্রদলের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবসহ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, অতীতেও আওয়ামী লীগ বিচার বিভাগ, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “জনগণ আর কোনো দলীয়করণ মেনে নেবে না। আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে লড়াই করছি, যা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও অন্যান্য নেতারা। পরে নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

উল্লেখ্য, ছাত্রদল নেতার দায়ের করা মামলায় রোববার গ্রেপ্তার হন তারেক রেজা। পরে সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top