ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
ঘটনার খবর পেয়ে মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় স্থানীয় যুবক কামাল, জসিম ও দেওয়ান উদ্দিনসহ কয়েকজন বিষয়টি সম্পর্কে জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ১২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে টর্চলাইটের আলোয় প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে কিশোর রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রায়হানের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

