মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এলাকার নিরাপত্তা জোরদারে নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এটি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির একটি উদ্বেগজনক উদাহরণ।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, “আমি নিজেই এলাকায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ক্যামেরা চুরি হয়ে গেছে।” তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়; স্থানীয় জনগণকেও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তিনি উল্লেখ করেন, তার এক সহকর্মী নুর ইসলামও সম্প্রতি নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। খুব শিগগিরই এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলেও আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top