আগামী ৫০ বছর আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ: এমপি মাহবুবুর রহমান

ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান জাতীয় সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে বলেছেন, আগামী ৫০ বছর দলটির ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি দাবি করেন, গত কয়েক বছরে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে দেশের তিনটি প্রজন্ম আওয়ামী লীগের প্রতি আস্থা হারিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সকাল ১১টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাজেট আলোচনায় বক্তব্য দিতে গিয়ে ডা. মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশের তিনটি প্রজন্মকে ‘আঘাত’ করেছে। তার ভাষায়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে সংঘটিত আন্দোলনের অভিজ্ঞতার কারণে দলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, “আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা তিনটি জেনারেশনকে ইনজুর্ড করেছে। একটি স্কুলের, একটি কলেজের এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন এবং পরে শেখ হাসিনাকে কেন্দ্র করে হওয়া আন্দোলনের মাধ্যমে এই প্রজন্মগুলো ক্ষুব্ধ হয়েছে।”

সংসদ সদস্যের মতে, এসব আন্দোলনের অভিজ্ঞতা ও রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগের জন্য দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব তৈরি করেছে। তিনি দাবি করেন, যেসব তরুণ এসব ঘটনার সাক্ষী ছিলেন, তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছেন এবং ভবিষ্যতে তাদের ভোটের আচরণেও এর প্রভাব পড়বে।

এ কারণেই বর্তমান প্রজন্ম জীবিত থাকা পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top