আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন সংস্থাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম।

অভিযোগে নাম আসা অন্যরা হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেআইনি কাজ হাসিলের উদ্দেশ্যে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিংসংক্রান্ত অভিযোগ যেমন আছে, তেমনি রয়েছে বিদেশে অর্থপাচার ও বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও। একই সঙ্গে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব খাটানোর অভিযোগ নিয়েও ভুক্তভোগীরা দুদকে অভিযোগ করেছেন বলে সূত্রটি জানিয়েছে।

সূত্র আরও জানায়, ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকাকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে বলেও সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, দুদকের অনুসন্ধান পর্যায়ের কার্যক্রম এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে; অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top