ব্রিকস সম্মেলনে কোন প্রতিনিধি পাঠাবে না বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিই অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যাবেন না এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই তথ্য সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেক চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের নেতা হিসেবে এই আমন্ত্রণ প্রেরণ করা হয়েছে।

আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের আয়োজন করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন। তবে তা এখনও নির্ধারিত হয়নি। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত বাংলাদেশের নেতৃত্বকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়ে আসছিল। এই বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল।

এক পর্যায়ে গত আগস্টে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপোড়েন বাড়ে এবং তার পরে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top