ময়উন দ্বীপ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পরই দখলে নিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা। ইয়েমেনের স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বাব আল-মানদেব নৌপথের ঠিক মাঝখানে অবস্থিত একটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুতিরা, যার মধ্য দিয়ে পুরো প্রণালি এলাকায় তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ময়উন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) থেকে বৃহস্পতিবার সরকারি বাহিনী প্রত্যাহারের পরপরই সশস্ত্র হুতি যোদ্ধাদের বহনকারী নৌকা এসে পৌঁছায় সেখানে, এবং বাব আল-মানদেব এলাকা ও প্রণালির মাঝখানে অবস্থিত এই দ্বীপের পূর্ণ দখল নেয় তারা।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বাব আল-মানদেব উপকূলজুড়ে এখন সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতি দেখা যাচ্ছে, যারা সামরিক যানবাহনে করে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়।
গত সপ্তাহে বাব আল-মানদেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে ইরান-সমর্থিত হুতিদের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার।
উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছিল তেহরান, যার ফলে নৌ চলাচলে বাব আল-মানদেব প্রণালির গুরুত্ব আরও বেড়ে যায়। এই প্রেক্ষাপটে হুতিদের হাতে প্রণালিটির নিয়ন্ত্রণ যাওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের ঝুঁকি আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।
সুত্রঃ এ এফ পি

