বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছে ভারত। দুই দেশের বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে নয়াদিল্লি, এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নে ভারতের সাধারণ অবস্থান হলো ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখা, এই সম্পর্ককে ইতিবাচক দিকে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে তা জানানো হবে।
সম্পর্কের অন্যান্য দিক প্রসঙ্গে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্যেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত।
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশের সি-১৩০জে পরিবহন বিমান অংশগ্রহণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের মূল অবস্থান অপরিবর্তিত রয়েছে, নয়াদিল্লি একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্কই চায়।

