রাজস্ব আয়ে নতুন রেকর্ড করল দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দরে রাজস্ব আয়ে তৈরি হয়েছে নতুন রেকর্ড। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকায়, সঙ্গে বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংও।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটরিয়ামে বাগেরহাট ও মোংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৪৭৮ কোটি ৭০ লাখ টাকা, যার বিপরীতে প্রকৃত আয় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। আগের অর্থবছরের তুলনায় এই আয় বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা, শতাংশের হিসাবে যা ১১ দশমিক ৭৬।

এই সময়ে বন্দরে ভিড়েছে ৮১৫টি জাহাজ। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন এবং কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭১৪ টিইইউজ। পাশাপাশি আমদানি হয়েছে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি।

বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন সহায়ক জলযান সংগ্রহ এবং কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা ধরে রাখা এখনো তাদের অন্যতম বড় চ্যালেঞ্জ।

এসব উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মন্তব্য করেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top